পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন এবং শৃঙ্খলা ফেরাতে ঝটিকা পরিদর্শন শুরু করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর বিশেষ নির্দেশনা মোতাবেক নাজিরপুর উপজেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান।
পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানগুলোর চিকিৎসা সেবার মান, প্রয়োজনীয় সরঞ্জাম এবং বৈধ লাইসেন্স আছে কি না তা খতিয়ে দেখেন। এ সময় তিনি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি বিধিবিধান কঠোরভাবে মেনে চলার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে ডা. মো. মশিউর রহমান জানান, মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জনস্বাস্থ্যের ঝুঁকি কমাতে আমরা নিয়মিত এই তদারকি কার্যক্রম চালাচ্ছি।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি স্পষ্ট সতর্কবার্তা দিয়ে বলেন, “উপজেলা পর্যায়ে শীঘ্রই স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে। যেসব ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের বৈধ লাইসেন্স নেই অথবা যারা অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করছে, তাদের কার্যক্রম তাৎক্ষণিকভাবে স্থগিত করা হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উপজেলা স্বাস্থ্য বিভাগের এমন কঠোর অবস্থানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে। স্থানীয়রা আশা করছেন, প্রশাসনের এই তদারকির ফলে সাধারণ রোগীরা প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন এবং মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত হবে।
এই বাংলা/এমএস
টপিক

