নীলফামারীতে পূর্ব শত্রুতার জেরে হামলা, গুরুতর আহত ২

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি :

 

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা মেলাবর ক্যামেরা বাজার এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তির বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বামী-স্ত্রীসহ দুইজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে ভুক্তভোগী কনক চন্দ্র শীল নিজ বাড়িতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ পুলিশ এসে কাজ বন্ধ করতে বলে। পরে তারা কাজ বন্ধ করে দোকানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

এ সময় প্রতিপক্ষ কার্তিকের দুই ছেলে উজ্জ্বল শীল ও বিপ্লব শীল গাড়িতে করে এসে তাদের বাড়িতে হামলা ও ভাঙচুর শুরু করে। কনক চন্দ্র শীল বাধা দিতে গেলে তাকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়। এ সময় তার স্ত্রী স্বামীকে রক্ষা করতে গেলে তাকেও আঘাত করা হয়, এতে তার মাথা ফেটে যায়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরবর্তীতে প্রতিপক্ষের সঙ্গে যোগ দিয়ে প্রতাপ, মিন্টু ও সুশীলসহ আরও কয়েকজন এসে তাদের ওপর পুনরায় হামলা ও মারধর চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, ঘটনার খবর পেয়ে তাদের ছেলে বাড়িতে এসে গুরুতর আহত অবস্থায় বাবা-মাকে দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

এ বিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here