
চট্টগ্রাম প্রতিনিধি :
নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা পুনর্গঠন করাই সরকারের প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। তিনি বলেন, সরকার একটি স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের বিশ্বাস পুনঃস্থাপন করতে চায়।
সোমবার (১২ জানুয়ারি) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত ‘নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ’ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কর্মশালায় চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) সহযোগিতা করে।
দুদিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনে চট্টগ্রাম জেলার ১০০ জন কর্মরত সাংবাদিক অংশগ্রহণ করেন। চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ড. জিয়াউদ্দীন বলেন, একটি প্রশিক্ষণের দুটি দিক রয়েছে—একটি তথ্যভিত্তিক জ্ঞান, অন্যটি দর্শন। তথ্যের অংশে থাকে নির্বাচন পরিচালনার প্রক্রিয়া, আচরণবিধি ও দায়িত্ব পালনের নিয়মাবলি। আর দর্শনের অংশে থাকে কেন এই দায়িত্ব গুরুত্বপূর্ণ, সাংবাদিকদের কাছ থেকে কী প্রত্যাশা করা হচ্ছে এবং এর মাধ্যমে সমাজ ও রাষ্ট্র কীভাবে উপকৃত হবে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান জনগণের আস্থা হারিয়েছে। ব্যক্তি বা গোষ্ঠীগত স্বার্থে প্রতিষ্ঠানগুলো ব্যবহৃত হওয়ায় সাধারণ মানুষের বিশ্বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণে সবার সম্মিলিত দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেন, গণভোট নিয়ে মানুষের মধ্যে এখনও বিভ্রান্তি রয়েছে। ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের ফলাফল কী হতে পারে—এ বিষয়ে সাধারণ জনগণকে সচেতন করার বড় দায়িত্ব সাংবাদিকদের। তিনি বলেন, গণভোট ঘিরে রাজনৈতিক দল ও বিভিন্ন পক্ষের ভূমিকা গভীরভাবে পর্যবেক্ষণ করে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে হবে।
সভাপতির বক্তব্যে পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, গত এক দশকেরও বেশি সময় ধরে দেশের পরিস্থিতিতে প্রতিষ্ঠান ও সাংবাদিকতা উভয়ই চাপে ছিল। সাংবাদিকতার স্বাধীনতা সংকুচিত হয়েছিল, যার প্রভাব এখনও পুরোপুরি কাটেনি। বর্তমান সময়ে সেই পুরোনো অভ্যাস থেকে বেরিয়ে এসে স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার ওপর জোর দেন তিনি।
চ্যানেল ওয়ানের ব্যুরো প্রধান মো. শাহনেওয়াজ রিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিএমইউজের সাধারণ সম্পাদক ও প্রশিক্ষণ উপকমিটির আহ্বায়ক সালেহ নোমান এবং পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।
অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য, বর্তমান ও সাবেক নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক
