
নারায়ণগঞ্জ প্রতিনিধি :
কুমিল্লার চান্দিনা উপজেলায় যাত্রীবাহী বাসে তল্লাশিকালে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও গুলিসহ দুইজনকে আটক করেছে হাইওয়ে পুলিশ। আটক ব্যক্তিরা নারায়ণগঞ্জের আলোচিত সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট বলে পুলিশ সূত্রে জানা গেছে।
সোমবার (১৯ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার মাধাইয়া বাসস্টেশন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন— নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মনাইরকান্দি গ্রামের বাবুল মিয়ার ছেলে হাবিবুর রহমান শাকিল (৩৩), ওরফে যোয়াদ শাকিল এবং বন্দর উপজেলার লক্ষ্মণখোলা এলাকার গোলজার হোসেনের ছেলে মোহাম্মদ চিশতী (৪২)।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা থেকে ঢাকাগামী ‘এশিয়া এয়ারকন’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। তল্লাশিকালে শাকিল ও চিশতীর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে আরও জানা যায়, আটক শাকিল নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি প্রয়াত নাসিম ওসমানের পুত্র আজমেরী ওসমানের অন্যতম ক্যাডার হিসেবে পরিচিত। আজমেরী ওসমান বর্তমানে ভারতে পলাতক রয়েছেন বলে জানা গেছে। শাকিলকে নারায়ণগঞ্জ শহরের আলোচিত ‘হোন্ডা বাহিনী’র সঙ্গে সম্পৃক্ত হিসেবেও চিহ্নিত করা হচ্ছে।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন,
“আটককৃতরা অস্ত্রটি কোথা থেকে সংগ্রহ করেছে এবং কোথায় নিয়ে যাচ্ছিল—তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
এদিকে খবর পেয়ে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি (কুমিল্লা অঞ্চল) শাহিনুর আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এই বাংলা/এমএস
টপিক
