
নাটোর প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ (সিংড়া) আসনে ১০ দলীয় জোটের প্রার্থীকে সমর্থন জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক সাইদুর রহমান তাঁর মনোনয়ন প্রত্যাহার করেছেন। এর ফলে এই আসনে জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে এনসিপি মনোনীত এস এম জার্জিস কাদির বাবু প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আসমা শাহীনের কার্যালয়ে উপস্থিত হয়ে অধ্যাপক সাইদুর রহমান আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
দলীয় সূত্রে জানা যায়, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন সমমনা ইসলামী দলগুলোর জোটে এনসিপি যুক্ত হওয়ায় কৌশলগত সিদ্ধান্ত হিসেবে আসনটি শরিক দলকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় জামায়াত। কেন্দ্রীয় নির্দেশনার আলোকে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে জেলা জামায়াতের শূরা সদস্য অধ্যাপক সাইদুর রহমান তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেন।
মনোনয়ন প্রত্যাহারের পর অধ্যাপক সাইদুর রহমান বলেন, জামায়াতে ইসলামী একটি শৃঙ্খলাবদ্ধ সংগঠন। কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এবং এতে তাঁর কোনো আক্ষেপ নেই। তিনি আরও জানান, জোটের প্রার্থীর বিজয়ের জন্য তিনি ও তাঁর দল সর্বাত্মকভাবে কাজ করবেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, নির্বাচনী বিধি অনুযায়ী অধ্যাপক সাইদুর রহমানের মনোনয়ন প্রত্যাহারের আবেদন গ্রহণ করা হয়েছে।
