নাটোরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় প্রধান শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

0
154
অপহরণ ও ধর্ষণ মামলায় দুটি পৃথক ধারায় ফিরোজ আহমেদকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড / ছবি : এই বাংলা

নাটোর প্রতিনিধি :

নাটোরের গুরুদাসপুরে এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদকে দুটি পৃথক ধারায় যাবজ্জীবন ও ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহা. মহিদুজ্জামান এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি ফিরোজ আহমেদ আদালতে উপস্থিত ছিলেন। পরবর্তীতে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণে জানা গেছে, ২০২২ সালের ১ অক্টোবর এসএসসি পরীক্ষার্থী এক স্কুলছাত্রীকে অপহরণ করে রাজশাহীর একটি বাসায় আটকে রেখে অস্ত্রের ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন ফিরোজ আহমেদ। ওইদিনই ভুক্তভোগীর মা তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। পুলিশ পরবর্তীতে ভুক্তভোগীকে উদ্ধার করলেও ফিরোজ পালিয়ে যায়। ১১ দিন পর গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তদন্ত শেষে তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হলে আদালত দুজনকে অব্যাহতি দিয়ে ফিরোজ আহমেদের বিরুদ্ধে বিচারকাজ শুরু করেন। সাক্ষ্য ও প্রমাণ উপস্থাপনের পর আদালত তাকে দোষী সাব্যস্ত করে রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর মুন্সী আবুল কালাম আজাদ বলেন, “রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা সন্তুষ্ট।”

তবে আসামির পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

এই বাংলা/এমএস
টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here