ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
“শিক্ষা, প্রগতি, শান্তি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে সহায়ক যন্ত্র (অ্যাসেসটিভ ডিভাইস) এবং তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে তিনটি হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা তুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মানোয়ার হোসেন মোল্লা।
অনুষ্ঠান শেষে বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বানিয়াজুরী ইউনিয়ন পরিষদ, বালিয়াখোড়া (ডিআরআরএ), ঘিওর উপজেলা পরিষদ ভবন এবং উপজেলা নির্বাহী অফিসারের বাংলো পরিদর্শন করেন।
উপজেলা প্রকৌশলী মো. শাহিনুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. খোরশেদ আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসিনা আক্তার পারভীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয় কৃষ্ণ সরকারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং ঘিওর প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ।

