চট্টগ্রাম প্রতিনিধি :
দ্রুততম সময়ে বিএনপি নেতা ও ব্যবসায়ী মোঃ আব্দুল হাকিম হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন, অবৈধ অস্ত্র উদ্ধার ও জড়িতদের গ্রেফতারে চট্টগ্রাম জেলা পুলিশকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও রাউজান-রাঙ্গুনিয়ার সাবেক এমপি আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মঙ্গলবার (১১ নভেম্বর) এক অভিনন্দন বার্তায় তিনি বলেন— “দ্রুততম সময়ে বিএনপি নেতা ও ব্যবসায়ী মোঃ আব্দুল হাকিমের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের ঘটনায় আমি চট্টগ্রাম জেলা পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় হাকিম হত্যার মূল রহস্য উন্মোচিত হয়েছে।”

তিনি আরও বলেন, “গত বছর (২০২৪ সালের নভেম্বর মাসে) রাউজানের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমি লিখিতভাবে পদক্ষেপ চেয়েছিলাম। তবে তখন তেমন কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি। আশা করছি, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে রাউজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র উপদেষ্টা ও জেলা পুলিশ কার্যকর পদক্ষেপ নেবেন।”
গিয়াসউদ্দিন কাদের চৌধুরী আরও যোগ করেন, “সন্ত্রাসীদের মূলোৎপাটন করে একটি সুখী, সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাউজান গড়ে তুলতে প্রশাসনের সঙ্গে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করবে।”
এই বাংলা/এমএস
টপিক

