নাটোর প্রতিনিধি :
নাটোরে পৃথক দুটি চুরির ঘটনায় জড়িত চোরচক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে চুরি হওয়া একটি পালসার মোটরসাইকেল ও একটি ব্যাটারিচালিত অটোভ্যান উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ জুন বিকেলে নাটোর সদর উপজেলার গাওপাড়া ঢালান এলাকার সোহেল মোটরস শোরুম থেকে ট্রায়াল দেওয়ার কথা বলে একটি পালসার মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় এক ব্যক্তি। এ ঘটনায় ১ জুলাই নাটোর থানায় মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে আরিফুল ইসলাম (৩২) নামে একজনকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৫ জুলাই রাতে দিঘাপতিয়া ইউনিয়নের মদনহাট এলাকার একটি বাঁশঝাড় থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
অন্যদিকে, গত ১৯ জুন সন্ধ্যায় গাওপাড়া ঢালান বাজার এলাকায় রাস্তার পাশে রাখা একটি ব্যাটারিচালিত অটোভ্যান চুরি হয়। এ ঘটনায় ৬ জুলাই নাটোর থানায় আরেকটি মামলা দায়ের করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তদন্তের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর এলাকা থেকে স্বাধীন প্রামানিক (২৭) ও হাসান আলী (২৬) নামে দুজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিংড়া উপজেলার চামারী সোনাপুর এলাকা থেকে হেলাল সরদার (৪৬) ও নাঈম ইসলাম (২৮)কে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে চুরি হওয়া অটোভ্যানের ক্রেতা স্বপন বাবু (২৮)কে সিংড়া উপজেলার কালিকাপুর গ্রাম থেকে আটক করা হয়। এ সময় তার বাড়ির সামনে থেকে চুরি হওয়া ব্যাটারিচালিত অটোভ্যানটি জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আরিফুল ইসলাম, হাসান আলী, স্বাধীন প্রামানিক, হেলাল সরদার, নাঈম ইসলাম ও স্বপন বাবু। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
টপিক

