বগুড়ায় রাইসমিল মালিককে হাত-পা বেঁধে হত্যা, তিনটি ট্রান্সফরমার চুরি

স্টাফ রিপোর্টার :

বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের ফেনীগ্রাম এলাকায় এক রাইসমিল মালিককে হাত-পা বেঁধে মাথায় আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর মিল থেকে তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায় তারা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (৫ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী (৭০) ফেনীগ্রাম এলাকার বাসিন্দা ও স্থানীয় একজন রাইসমিল মালিক।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার রাতেও মোহাম্মদ আলী নিজের রাইসমিলে পাহারার উদ্দেশ্যে রাতযাপন করতে যান। গভীর রাতে দুর্বৃত্তরা কৌশলে মিলে প্রবেশ করে তার হাত-পা বেঁধে মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে হত্যা করে। পরে মিলের বিদ্যুৎ সংযোগে ব্যবহৃত তিনটি মূল্যবান বৈদ্যুতিক ট্রান্সফরমার খুলে নিয়ে পালিয়ে যায়।

নিহতের ছেলে মতিয়ার রহমান জানান, সেচ পাম্প-সংক্রান্ত একটি সভা শেষে তার বাবা বাড়িতে ফিরে রাতের খাবার খেয়ে প্রতিদিনের মতো মিলে ঘুমাতে যান। সোমবার সকালে স্থানীয়দের কাছ থেকে তিনি বাবার হত্যার খবর পান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে মোহাম্মদ আলীকে হাত-পা বাঁধা এবং রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ বা পূর্বশত্রুতার বিষয় রয়েছে কি না, তাও গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here