নাটোর প্রতিনিধি :
নাটোরের সিংড়ায় দুটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১৫ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।
আজ রবিবার ভোররাতে উপজেলার ডাহিয়া ইউনিয়নের লালুয়া পাঁচ পাখিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত মাছ চাষি জাহাঙ্গীর আলম জানান, তার এক একর আয়তনের দুটি পুকুরে পাবদা ও গুলশা জাতের মাছ ছিল। আগামী দু-এক দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রি করার কথা ছিল।
কিন্তু সকালে পুকুরে গিয়ে দেখি সব মাছ মরে ভেসে আছে। পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে তাকে নিঃস্ব করা হয়েছে বলে দাবি করেন তিনি।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এই ঘটনায় ভুক্তভোগীর দুলাভাই ডাহিয়া ইউনিয়নের বিয়াশ গ্রামের বাসিন্দা সাইফ মাহমুদ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ভুক্তভোগী জাহাঙ্গীর আলম আমার আপন শ্যালক।
তার এই বিশাল ক্ষতি দেখে তাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমার জানা নেই। অনেক কষ্ট আর স্বপ্ন নিয়ে সে এই মাছ চাষ করেছিল। আমরা এই পৈশাচিক ঘটনার বিচার চাই। এ বিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

