কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পাচারের সন্দেহে ৪ হাজার কেজি (৮০ বস্তা) ডিএপি সার জব্দ করেছে পুলিশ। শুক্রবার রাতে রায়গঞ্জ ইউনিয়নের উত্তর সাপখাওয়া মাস্টারমোড় এলাকায় স্থানীয়দের সহায়তায় একটি নছিমন গাড়ি থেকে এসব সার আটক করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সাপখাওয়া ও ব্যাপারীটারী এলাকায় বিএডিসি অনুমোদিত ডিলার মোছা. হালিমা খাতুনের গোডাউন ‘মেসার্স রাদিয়া ট্রেডার্স’ থেকে রাত ৮টার দিকে নছিমনে করে ৮০ বস্তা সার বাইরে সরিয়ে নেওয়া হচ্ছিল। গাড়িটি মাস্টারমোড় বাজারের ভেতরের সড়ক দিয়ে যাওয়ার সময় স্থানীয়রা থামিয়ে চালকের কাছে সার পরিবহনের কারণ জানতে চান। চালক সন্তোষজনক জবাব দিতে না পারায় তারা গাড়িটি আটকে রাখেন। পরে পুলিশ এসে সারসহ নছিমনটি থানায় নিয়ে যায়।
স্থানীয় কৃষক আজিজুল হক ও আরিফ হোসেন অভিযোগ করে বলেন, “এলাকায় সার সংকট লেগেই থাকে। ডিলারের কাছে গেলে কখনো পাওয়া যায় না, পেলেও বেশি দামে কিনতে হয়। অথচ রাতে গোপনে পাচারের চেষ্টা চলছে।” তারা আরও জানান, এর আগেও এই ডিলার অনিয়মের কারণে জরিমানা গুনেছেন।
নাগেশ্বরী থানার এসআই সৈয়দ নাদিম মিয়া বলেন, “এসিল্যান্ড স্যার ও ওসি স্যারের নির্দেশে সার ও নছিমন জব্দ করে থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্তাধীন।”
নাগেশ্বরী উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন বলেন, “বিএডিসি ডিলার হালিমা খাতুনের গোডাউন থেকে ৮০ বস্তা ডিএপি সার স্থানীয় খুচরা ব্যবসায়ী সামাদের কাছে যাচ্ছিল। জনতা সেটি আটক করেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এই বাংলা/এমএস
টপিক

