নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি :
নাটোরের নলডাঙ্গায় পৌর জাসাসের সাধারণ সম্পাদক মো. আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৩ জুলাই) রাত প্রায় ১১টার দিকে বাড়ি ফেরার পথে নলডাঙ্গা পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক বাবর আলী বাচ্চু ও তাঁর সহযোগীরা আকবর আলীর পথরোধ করেন। পরে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, আকবর আলী চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। এ সময় অভিযুক্তরা তাঁর ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে চলে যান। পাশাপাশি তাঁর কাছে থাকা ১ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ ঘটনায় আকবর আলী নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন নলডাঙ্গা পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক বাবর আলী বাচ্চু। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

