বেতাগীতে প্রতারক চক্রের খপ্পরে বৃদ্ধা, কানের এক ভরি স্বর্ণের দুল খোয়া

বরগুনা প্রতিনিধি :

বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের ছোট মোকামিয়া গ্রামে আবারও সক্রিয় হয়ে উঠেছে প্রতারক চক্র। এবার তাদের কৌশলের শিকার হয়েছেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা। নানা কৌশলে কথা বলে তাঁর কানে থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের দুল নিয়ে পালিয়ে যায় দুই অজ্ঞাত ব্যক্তি।

সোমবার (১৪ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে মোকামিয়া বাজারের আশা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রেনু বেগম (৭০) প্রবাসী পারভেজ হাওলাদারের মা। তিনি ব্যক্তিগত কাজে বাজারে যাওয়ার পথে প্রতারণার শিকার হন।

রেনু বেগম জানান, হঠাৎ দুই অপরিচিত ব্যক্তি তাঁর সঙ্গে কথা বলতে শুরু করে। একপর্যায়ে তারা তাঁর হাত ধরে বিভিন্ন বিষয়ে কথা বলতে থাকে। তিনি বলেন, “তারা আমার হাত ধরার পর আমি যেন নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। পরে বুঝতে পারি, আমার কানে থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের দুল তারা নিয়ে গেছে। তখন আমি চিৎকার করে আশপাশের লোকজনকে বিষয়টি জানাই।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয় বাসিন্দা নেছার হাওলাদার জানান, তিনি বাজারে যাওয়ার সময় আশা ব্যাংকের সামনে ওই দুই ব্যক্তিকে রেনু বেগমের সঙ্গে কথা বলতে দেখেন। প্রথমে তাদের পরিচিত মনে হওয়ায় বিষয়টি গুরুত্ব দেননি। পরে বাড়ি ফিরে তিনি জানতে পারেন, রেনু বেগমের কানের দুল প্রতারণার মাধ্যমে নিয়ে যাওয়া হয়েছে। এরপর বাজারে খোঁজাখুঁজি করেও অভিযুক্তদের আর পাওয়া যায়নি।

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি এলাকায় প্রতারক চক্রের তৎপরতা বেড়েছে। তারা বিশেষ করে বয়স্ক নারী-পুরুষকে টার্গেট করে নানা কৌশলে স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিচ্ছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা প্রতারকদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি অপরিচিত ব্যক্তির সঙ্গে অপ্রয়োজনীয় কথাবার্তা ও শারীরিক সংস্পর্শ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here