স্টাফ রিপোর্টার :
নওগাঁর বদলগাছীতে ৫০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। অভিযান মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় বদলগাছী চৌরাস্তা মোড়ে পরিচালিত হয়।
আটককৃত যুবক উপজেলার মিঠাপুর ইউপির সাগরপুর গোয়ালপাড়া গ্রামের মৃত মোনার ছেলে মো. পলাশ হোসেন (২২)। যৌথবাহিনী জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দৈনন্দিন চেকপোস্ট পরিচালনার সময় তাকে সন্দেহজনকভাবে আটক করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তার দেহ তল্লাশি করে ৫০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২ হাজার ৫ শত ৮০ টাকা এবং ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলাশ হোসেন মাদক বহনের কথা স্বীকার করেছে। ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত মাদকগুলো বিক্রির উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।
যৌথবাহিনী জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

