চট্টগ্রাম প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি বলেন, “সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আমরা ১৭ বছর ধরে আন্দোলন করেছি। এখনো নানা ধরনের ষড়যন্ত্র চলছে—গণতন্ত্রের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, ধানের শীষ প্রতীকের বিরুদ্ধে। এসব বাধা অতিক্রম করে ধানের শীষের জয় নিশ্চিত করতে সবাইকে এক হয়ে লড়াই করতে হবে। রাজনীতি আমার কাছে ক্ষমতা নয়, বরং জনগণের সেবা করার দায়িত্ব।”
বুধবার (২৬ নভেম্বর) বিকেলে নগরীর টেরিবাজার মোড়ে চট্টগ্রাম-৯ আসনের ভোটারদের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ শুরুর আগে দেওয়া পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি টেরিবাজার, ঘাট ফরহাদবেগ, আরোহণ ক্লাব মোড়, লাকি ম্যানশন ও খলিফাপট্টি এলাকায় ভোটারদের ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
আবুল হাশেম বক্কর আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে আপনাদের প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রত্যেক ঘরে পৌঁছে দিতে হবে। এখন আর বসে থাকার সময় নেই।”
দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক খন্দকার নুরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব সাব্বির আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য রাখেন—চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান, আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবুল বশর, কোতোয়ালি থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম, ইমতিয়াজ উদ্দীন তারেকসহ ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ।
এই বাংলা/এমএস
টপিক

