দৌলতপুরে মাদক, চাঁদাবাজি ও দুর্নীতি প্রতিরোধ এবং নদীভাঙন রোধে মতবিনিময় সভা

মানিকগঞ্জ প্রতিনিধি :

 

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের কল্যাণপুর বাজারস্থ আনিসুর রহমান ক্যাডেট স্কুল মাঠে মাদক, চাঁদাবাজি ও দুর্নীতি প্রতিরোধ এবং নদীভাঙন রোধে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়ন বিএনপি এবং নদীকবলিত সুবিধাবঞ্চিত সর্বস্তরের সাধারণ জনগণের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির।

সভায় স্থানীয় বিএনপির নেতাকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং নদীকবলিত এলাকার বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। বক্তারা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও চাঁদাবাজি প্রতিরোধ এবং নদীভাঙন থেকে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির বলেন, সমাজ থেকে মাদক, চাঁদাবাজি ও দুর্নীতি নির্মূলে কোনো ধরনের আপস করা হবে না। এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, একটি নিরাপদ, সুশৃঙ্খল ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষেরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাজিক অপরাধ প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নদীভাঙনের বিষয়টি তুলে ধরে এস এ জিন্নাহ কবির বলেন, পদ্মা ও যমুনা নদী তীরবর্তী এলাকার মানুষ বছরের পর বছর ভাঙনের শিকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাদের দুর্ভোগ লাঘবে স্থায়ী নদীশাসন এবং কার্যকর ভাঙন প্রতিরোধ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

সভায় বক্তারা বলেন, নদীভাঙনের কারণে প্রতিবছর অসংখ্য পরিবার বসতভিটা, কৃষিজমি ও জীবিকার উৎস হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে। একই সঙ্গে মাদক, চাঁদাবাজি ও দুর্নীতির বিস্তার সামাজিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব সমস্যা সমাধানে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ জরুরি।

অনুষ্ঠান শেষে উপস্থিত জনগণের বিভিন্ন দাবি ও সমস্যার কথা শোনেন সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির এবং সেগুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

এই বাংলা/এমএস
টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here