দৌলতপুরে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে মতবিনিময় সভা

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

মাদকাসক্তি ও মাদক ব্যবসার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সচেতন নাগরিকদের উদ্যোগে এক প্রাথমিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেল ৩টায় উত্তর বাশাইলের শ্যামগঞ্জ বাজারে অবস্থিত ঐতিহ্যবাহী বি.কে.এস. উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় এলাকার শতাধিক গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক, আলেম-উলামা, সমাজসেবক, ব্যবসায়ী, যুবসমাজ ও সাধারণ মানুষ অংশ নেন।

বাঘুটিয়া ইউনিয়নের সচেতন জনগণের পক্ষে উত্তর বাশাইলের কৃতিসন্তান মো. আবু আব্দুল্লাহর আহ্বানে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মো. জয়নাল আবেদীন এবং সঞ্চালনা করেন মো. শাহীনুর রহমান শাহীন।

সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ক্ষতিগ্রস্ত করে। তাই রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সামাজিক ঐক্যের মাধ্যমে মাদকের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি ও কার্যকর প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।

সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, শাহীন মুন্সি, শাহীনুর রহমান শাহীন, থানা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও বাঘুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দৌলতপুর উপজেলা আমির মো. আব্দুল মান্নান, নায়েবে আমির হাফেজ মো. নজরুল ইসলাম, এনসিপির মানিকগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম আরিফসহ অন্যান্যরা।

অনুষ্ঠানের আহ্বায়ক ও এনসিপির মানিকগঞ্জ জেলা যুগ্ম সদস্য সচিব মো. আবু আব্দুল্লাহ বলেন, এলাকার প্রতি দায়িত্ববোধ থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, মাদকাসক্ত বা মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়া অনেকেই সমাজেরই সদস্য। তাদের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি, পারিবারিক সহযোগিতা, কাউন্সেলিং, মানসিক সহায়তা, পুনর্বাসন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি জরুরি। তবে যারা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাবে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সমাজের সচেতন মানুষকে সহযোগিতা করার আহ্বান জানান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি আরও বলেন, শুধু গ্রেপ্তার করলেই সমস্যার স্থায়ী সমাধান হয় না। সামাজিক সচেতনতা, পারিবারিক দায়িত্ববোধ, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল, প্রশাসন এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই একটি টেকসই সমাধান সম্ভব।

এ সময় তিনি ওয়ার্ড ও ইউনিয়নভিত্তিক সামাজিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা, কিশোর-যুবকদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, নৈতিক শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সিদ্ধান্ত হয়, শিগগিরই প্রতিটি ওয়ার্ডে প্রাথমিক কমিটি গঠন, সচেতনতামূলক সভা, অভিভাবক সমাবেশ, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক কার্যক্রম এবং স্থানীয় পর্যায়ে সমন্বয় কমিটি গঠন করা হবে।

এছাড়া আগামী ২৪ জুলাই আমতলী এবং ২৫ জুলাই বিষ্ণুপুরে একই ধরনের প্রাথমিক মতবিনিময় সভা আয়োজনের ঘোষণা দেওয়া হয়।

সভাপতির সমাপনী বক্তব্যে মো. জয়নাল আবেদীন ওয়ার্ডভিত্তিক কমিটি গঠন এবং সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই মাদকমুক্ত, নিরাপদ, মানবিক ও উন্নত দৌলতপুর গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here