স্টাফ রিপোর্টার :
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।
রোববার (১৯ জুলাই) দুপুর সাড়ে ১টায় আরডিএ কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে রাজশাহী অঞ্চলের সার্বিক উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ, আধুনিক অবকাঠামো নির্মাণ এবং চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্প নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
সাক্ষাৎকালে আরডিএ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট সংস্থার চলমান উন্নয়ন কার্যক্রম, বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সংসদ সদস্যকে অবহিত করেন।
তিনি বলেন, “একটি আধুনিক, বাসযোগ্য, নান্দনিক ও পরিবেশবান্ধব রাজশাহী গড়ে তোলার লক্ষ্যে আরডিএ পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নগর উন্নয়নের পাশাপাশি নাগরিক সুবিধা বৃদ্ধি এবং টেকসই অবকাঠামো গড়ে তুলতেও সংস্থাটি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।”
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ সময় সংসদ সদস্য আবু সাইদ চাঁদ রাজশাহীর উন্নয়নে আরডিএর ভূমিকার প্রশংসা করেন। তিনি বাঘা-চারঘাটসহ বৃহত্তর রাজশাহী অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং জনবান্ধব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে উন্নয়ন কার্যক্রমে সমন্বিত পরিকল্পনা এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে উভয়েই রাজশাহীর উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও টেকসই করতে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় এবং যৌথ উদ্যোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এই বাংলা/এমএস
টপিক

