মোংলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের মোংলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইফা আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শিশুটি মোংলা পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের সিগনাল টাওয়ার এলাকার বাসিন্দা শাকিল তালুকদারের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার (১৮ জুলাই) জ্বর ও ডেঙ্গুর উপসর্গ নিয়ে ইফাকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। অবস্থার অবনতি হলে একই দিন সন্ধ্যায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সিগনাল টাওয়ার এলাকাসহ পৌরসভার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও নর্দমার পানিতে এডিস মশার প্রজনন বাড়ছে। তারা নিয়মিত মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের দাবি জানান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিন জানান, রোববার সকাল পর্যন্ত নতুন করে আরও তিনজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীর সংখ্যা সাতজন। প্রতিদিন গড়ে তিন থেকে পাঁচজন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন বলেও জানান তিনি।

তিনি বলেন, রোগীর চাপ বেড়ে যাওয়ায় হাসপাতালকে বাড়তি চাপ সামলাতে হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসে সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

স্থানীয়দের দাবি, নিয়মিত মশক নিধন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করলে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব হবে। পাশাপাশি হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসাসামগ্রী ও প্রয়োজনীয় সেবার ব্যবস্থা নিশ্চিত করারও আহ্বান জানিয়েছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here