দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে রোববার (১ ফেব্রুয়ারি) দৌলতপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।
কর্মশালার উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার নাজমুন আরা সুলতানা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার নাহিয়ান নুরেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, মানিকগঞ্জ-১ অস্থায়ী সেনা ক্যাম্পের প্রধান মেজর ওসমান, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন, ক্যাপ্টেন সাকিব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলম, শিবালয় সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদিয়া সাবরিনা চৌধুরী, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কমর উদ্দিন এবং উপজেলা নির্বাচন অফিসার মো. নুরুজ্জামান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। কোনো ধরনের অনিয়ম বা অনৈতিক কার্যক্রম বরদাস্ত করা হবে না।
তিনি আরও জানান, নির্বাচনের দিন দৌলতপুর উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই প্লাটুন বিজিবি, অতিরিক্ত পুলিশ সদস্য, গ্রাম পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন থাকবে।
এ কর্মশালায় উপজেলার ৬১টি ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসাররা অংশগ্রহণ করেন। দিনব্যাপী প্রশিক্ষণে নির্বাচনী আইন, আচরণবিধি এবং ভোটগ্রহণের কারিগরি কার্যক্রম সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
এই বাংলা/এমএস
টপিক

