১৪ বছরেও সংস্কার হয়নি ঝালকাঠির এক কিলোমিটার সড়ক, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
সোমবার, ২০ জুলাই, ২০২৬
ঝালকাঠি প্রতিনিধি :
দীর্ঘ ১৪ বছরেও সংস্কার না হওয়ায় ঝালকাঠি শহরের কবিরাজ বাড়ি এলাকার খামার বাড়ি থেকে মুরসালিনের দোকান হয়ে বড়বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দে ভরা সড়কটিতে সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান পানি জমে জনদুর্ভোগ চরমে পৌঁছায়।
এ অবস্থার প্রতিবাদে সোমবার (২০ জুলাই) বিকেলে স্থানীয় বাসিন্দারা সড়কে কচুগাছ রোপণ করে অভিনব প্রতিবাদ জানান। প্রায় আধাঘণ্টাব্যাপী কর্মসূচিতে অংশ নিয়ে তারা দ্রুত সড়ক সংস্কার এবং স্থায়ী জলাবদ্ধতা নিরসনের দাবি জানান।
প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা সরদার সাফায়াত হোসেন, শফিকুল ইসলাম সুজন, রুমা আক্তার, হারুন অর রশীদ, রিয়াজ হাওলাদার ও ইউনুস হাওলাদার।
স্থানীয়দের অভিযোগ, সড়কটিতে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ হাজারো মানুষ চলাচল করেন। কিন্তু ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান পানি জমে যায়। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি বৃষ্টির পানি আশপাশের বসতবাড়িতেও ঢুকে পড়ে।
স্থানীয়রা জানান, সর্বশেষ ২০১২ সালে সড়কটির সংস্কার করা হয়েছিল। এরপর দীর্ঘ ১৪ বছর পার হলেও আর কোনো উন্নয়নকাজ হয়নি।
এ বিষয়ে ঝালকাঠি পৌরসভার নির্বাহী প্রকৌশলী টি. এম. রেজাউল হক রিজভী বলেন, ড্রেনেজ ব্যবস্থাসহ সড়ক সংস্কারের জন্য ইতোমধ্যে দরপত্র সম্পন্ন হয়েছে। তবে প্রকল্পের অর্থ সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ছাড় না পাওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করতে পারেনি। তিনি জানান, বিষয়টি দ্রুত সমাধান করে ঠিকাদারকে কাজ শুরু করার জন্য তাগিদ দেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।