নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি :
নাটোরের নলডাঙ্গায় এক অটোচালককে অজ্ঞান করে তার অটোচার্জার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অচেতন অবস্থায় তাকে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে নলডাঙ্গা উপজেলার বিসমিল্লাহ ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভুক্তভোগী মো. মাহাবুর রহমান শাকিল (২৪) নাটোর সদর উপজেলার রহিমপুর বড় হরিশপুর এলাকার শাহ আলমের ছেলে। তিনি পেশায় একজন অটোচার্জারচালক।
ভুক্তভোগীর পরিবারের ভাষ্য, নাটোর রেলস্টেশন থেকে দুই ব্যক্তি যাত্রীবেশে শাকিলের অটোচার্জার ভাড়া করে নলডাঙ্গার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে কৌশলে তাকে অজ্ঞান করে বিসমিল্লাহ ক্লিনিকের সামনে রাস্তার পাশে ফেলে রেখে অটোচার্জারটি নিয়ে পালিয়ে যায় তারা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয় দোকানদাররা শাকিলকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। পরে মাথায় পানি দিলে তার জ্ঞান ফিরে আসে।
খবর পেয়ে নলডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহিন বাসারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং ছিনতাই হওয়া অটোচার্জার উদ্ধারে পুলিশের অভিযান চলছে। ভুক্তভোগীকে প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই বাংলা/এমএস
টপিক