রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৭০০ মানুষ

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মাহমুদা মতিউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে সীমান্তবর্তী দুর্গম চরাঞ্চলের প্রায় ৭০০ অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। পাশাপাশি ভেটেরিনারি চিকিৎসকের মাধ্যমে প্রায় ২০০টি গবাদিপশুর চিকিৎসাসেবা দেওয়া হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিজিবি জানায়, এ ক্যাম্পে রাজশাহী সেক্টরের মেডিকেল অফিসার, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের দুইজন নারী ও শিশু বিশেষজ্ঞ, চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের একজন চক্ষু বিশেষজ্ঞ, ৫৩ ও ৫৯ বিজিবিতে কর্মরত দুইজন বেসামরিক চিকিৎসক এবং চাঁপাইনবাবগঞ্জ প্রাণিসম্পদ বিভাগের একজন ভেটেরিনারি চিকিৎসকসহ মোট আটজন বিশেষজ্ঞ চিকিৎসক স্বাস্থ্যসেবা প্রদান করেন।

ক্যাম্পে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, ব্যাটালিয়নের উপ-অধিনায়ক, বিজিবির অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সীমান্তবাসীর পাশে থাকার ধারাবাহিক প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরো খবর