নোয়াখালী প্রতিনিধি :
দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে নোয়াখালীর এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার পাঁচ বছর বয়সী মেয়েও আহত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরে এ ঘটনা ঘটে।
নিহত মো. ইয়াছিন (৪০) নোয়াখালীর সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা এবং মো. সুজায়েত উল্যার ছেলে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
নিহতের সেজো ভাই মো. নাসির জানান, ইয়াছিন প্রায় ১৬ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছিলেন। সেখানে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি রয়েছে। এক বছর আগে তিনি পরিবারের সদস্যদেরও দক্ষিণ আফ্রিকায় নিয়ে যান।
তার ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফেরার সময় বাড়ির গেটের সামনে দুর্বৃত্তরা ইয়াছিনকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার পাঁচ বছর বয়সী মেয়ে ফারহানাও গুলিবিদ্ধ হয়ে আহত হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে জানান তিনি।
টপিক

