নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর পরিবাগে রোববার (২৮ ডিসেম্বর) আয়োজিত সভায় দেশ ঐক্য জোটের নেতারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে উদ্বেগ প্রকাশ করেছেন।
তারা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশে ঐক্যভিত্তিক ও সহনশীল রাজনৈতিক পরিবেশ তৈরি হবে—এমন প্রত্যাশা ছিল।
তবে রাজনৈতিক বিভাজন, পারস্পরিক দোষারোপ ও আইনশৃঙ্খলার অবনতির কারণে সেই আশা এখন সংকুচিত।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় জানানো হয়, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন ও প্রশাসন সম্পর্কিত পরামর্শ দেওয়ার পরও যথাযথ অগ্রগতি হয়নি। দেশ ঐক্য জানিয়েছে, তারা ১২ ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নেবে না, তবে পেছানোর পক্ষেও নয়।
নেতারা আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন আন্তরিক ও প্রশাসন নিরপেক্ষ থাকলে ১৯৯১ বা ১৯৯৬ সালের মতো গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব।
সভায় সভাপতিত্ব করেন দেশ ঐক্যের ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী শেখ মো. আকমল হোসেন। প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান লে. কর্নেল (অব.) আবু ইউসুফ যোবায়ের উল্লাহ।
বক্তব্য দেন সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুর রহীম চৌধুরী, সুপ্রিম কোর্টের আইনজীবী মোজাম্মেল হোসেন ভূঁইয়া, সিএলএনবি’র চেয়ারম্যান হারুনুর রশিদ ও অন্যান্য নেতারা।
নেতারা নির্বাচনী ইশতেহারে রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা, ঐক্য ও সংস্কারভিত্তিক নীতিমালা অন্তর্ভুক্ত করার জন্য বিএনপি জোট ও জামায়াত জোটের প্রতি আহ্বান জানান।
এই বাংলা/এমএস
টপিক

