নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর ডেমরা এলাকায় পরিত্যক্ত অবস্থায় থানা থেকে লুট হওয়া পাঁচটি গ্রেনেড উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে ডেমরা থানার এলাকায় অভিযান চালিয়ে এসব অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গ্রেনেডগুলো ধাতব লিভারযুক্ত এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো বিভিন্ন থানায় হামলার সময় লুট করা হয়েছিল।
বিশেষভাবে জানা গেছে, শুক্রবার ভোর আনুমানিক ৩টা ১৫ মিনিটে ডেমরা থানাধীন স্টাফ কোয়ার্টার থেকে বনশ্রীগামী সড়কের পাশে একটি স-মিলের বিপরীতে ড্রেনের পাশে এগুলো পাওয়া যায়। র্যাব উল্লেখ করেছে, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের বিভিন্ন থানায় হামলার সময় দুষ্কৃতিকারীরা অস্ত্র ও বিস্ফোরক লুট করেছিল। পরবর্তীতে এসব ব্যবহার হয়ে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
র্যাব আরও জানায়, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনায় লুট হওয়া অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। উদ্ধারকৃত গ্রেনেডগুলো নিষ্ক্রিয়করণ ও আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, রাষ্ট্রীয় নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ অস্ত্র ও বিস্ফোরকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস
টপিক

