ডিসেম্বর থেকে করাচি–ঢাকা রুটে মাহান এয়ারের তিনটি ফ্লাইট চালুর সম্ভাবনা

0
226
পাকিস্তান–বাংলাদেশ সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা ডিসেম্বরে / ছবি - ইন্টারনেট

অনলাইন ডেস্ক :

আগামী ডিসেম্বর মাস থেকে করাচি ও ঢাকার মধ্যে সপ্তাহে তিনটি ফ্লাইট চালুর পরিকল্পনা করছে মাহান এয়ার। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসাইন খান জানিয়েছেন—এই উদ্যোগ দুই দেশের বাণিজ্য এবং আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি আনবে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পাকিস্তানি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন–এর প্রতিবেদনে বলা হয়েছে, লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (এলসিসিআই) দেওয়া বক্তব্যে হাইকমিশনার জানান, দুই দেশের ভিসা প্রক্রিয়া এখন আরও সহজ হয়েছে। এলসিসিআই ও লাহোরে বাংলাদেশ অনারারি কনস্যুলেটের যৌথ সুপারিশে এখন ৩–৪ দিনের মধ্যেই ভিসা প্রদান সম্ভব হচ্ছে, যা উভয় দেশের মানুষের যাতায়াতকে আরও দ্রুত করবে।

হাইকমিশনার ইকবাল হুসাইন খান বলেন— পাকিস্তান বাংলাদেশে চাল রপ্তানি করতে পারে। বাংলাদেশ পাকিস্তানে তাজা আনারস সরবরাহ করতে পারে। টেক্সটাইল ও রেডিমেড গার্মেন্টস খাতে রয়েছে বিশাল সম্ভাবনা।

তিনি জানান, দুই দেশের বর্ধিত বাণিজ্যের কারণে শিগগিরই একটি নিবেদিত সরাসরি কার্গো সার্ভিস চালু করা হবে। গত ডিসেম্বর থেকে কার্গো চলাচল থাকলেও সেটি এখন আরও সম্প্রসারিত হওয়া প্রয়োজন।

শিক্ষা খাতে সহযোগিতা নিয়ে হাইকমিশনার বলেন—পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশন খুব শিগগিরই বাংলাদেশে একটি প্রতিনিধি দল পাঠাবে, যেখানে থাকবে ১২টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি। তারা বাংলাদেশি শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চশিক্ষায় আকৃষ্ট করতে কাজ করবে। একই সঙ্গে তিনি পাকিস্তানের পর্যটন খাত এবং দুই দেশের অভিন্ন সংস্কৃতি, ইতিহাস ও মূল্যবোধের মিল তুলে ধরেন।

এলসিসিআই সভাপতি ফাহিমুর রহমান সাইগল বাংলাদেশ–পাকিস্তানের ঐতিহাসিক বন্ধন স্মরণ করে বলেন— পাকিস্তান বাংলাদেশে আরও বেশি চাল রপ্তানি করতে পারে। তৈরি পোশাক খাতে বাংলাদেশ থেকে জ্ঞান ও পরামর্শ নিতে পারে পাকিস্তান। আইটি, অটোমোবাইলসহ বহু খাতে সহযোগিতার সুযোগ রয়েছে।

বর্তমানে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ৭০০ মিলিয়ন ডলার, যা আগামী কয়েক বছরে ৩ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে উল্লেখ করেন তিনি।

সাইগল আরও বলেন, সরাসরি ফ্লাইট চালু হলে বাণিজ্য আরও গতিশীল হবে। বাংলাদেশ হাইকমিশনের আমন্ত্রণে তিনি জানান, খুব শিগগিরই এলসিসিআই–এর একটি প্রতিনিধি দল ঢাকা সফর করবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here