ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর ডিমলায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে টেপাখড়িবাড়ী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ডিমলা উপজেলা প্রেস ক্লাব-এর সাধারণ সম্পাদক সাংবাদিক বাদশা প্রামাণিক এবং বাংলাদেশ প্রেস ক্লাব-এর সাংগঠনিক সম্পাদক সুমন ইসলাম তিস্তা নদীর চরাঞ্চলে অবৈধভাবে বোমা মেশিন ব্যবহার করে পাথর উত্তোলনের অভিযোগের তথ্য সংগ্রহে যান। ফেরার পথে টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের সামনে তাদের মোটরসাইকেলের গতি রোধ করে হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।
অভিযোগে বলা হয়েছে, ছাত্রলীগ নেতা তুহিন ও যুবলীগ নেতা আব্দুল করিমসহ কয়েকজন তাদের ওপর হামলা চালায় এবং মোবাইল ফোন, ক্যামেরা ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এতে সাংবাদিক বাদশা প্রামাণিক আহত হন। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তিস্তা নদীর চরাঞ্চলে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছে। এ সংক্রান্ত তথ্য সংগ্রহ ও জনস্বার্থে সংবাদ প্রকাশের উদ্যোগ নেওয়ায় পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ঘটনার পর সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, এ ধরনের হামলা মুক্ত সাংবাদিকতা ও জনস্বার্থের ওপর সরাসরি আঘাত। গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব।
ডিমলা উপজেলা প্রেস ক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একই সঙ্গে তিস্তা নদীর চরাঞ্চলে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহলও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, অবৈধ পাথর উত্তোলন পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
আহত সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

