গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি লঞ্চঘাট থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে একটি ফিশিং ট্রলার বঙ্গোপসাগরে ডুবে যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত জেলে পরিবারের পাশে দাঁড়িয়েছে গলাচিপা উপজেলা প্রশাসন।
ট্রলারটিতে থাকা ১১ জন জেলের মধ্যে ৫ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও ৬ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ও উদ্ধার হওয়া জেলেদের ১১টি পরিবারের প্রত্যেককে ৭ হাজার ৫০০ টাকার আর্থিক সহায়তার চেক এবং শুকনো খাবারের প্যাকেট দেওয়া হয়েছে।
বুধবার বৈরী আবহাওয়ার মধ্যেও গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ইউএনও জানান, নিখোঁজ ছয় জেলেকে উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা অব্যাহত রয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কাজ করছে।
এ সময় উপস্থিত ছিলেন বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের প্রতিনিধি আবু নাইম, গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা আহ্বায়ক মো. হাফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উপস্থিত বক্তারা নিখোঁজ জেলেদের দ্রুত উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, প্রতিমন্ত্রী ও জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত জেলে পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

