সরকারি নিবন্ধন পেল ‘কদমতলা ইয়ুথ ফাউন্ডেশন’

পিরোজপুর প্রতিনিধি :

দীর্ঘদিনের প্রচেষ্টা, মেধা ও একাগ্রতার ফল হিসেবে যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে সরকারি নিবন্ধন (রেজিস্ট্রেশন) লাভ করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘কদমতলা ইয়ুথ ফাউন্ডেশন’। এর মাধ্যমে সংগঠনটি রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হিসেবে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম পরিচালনার সুযোগ পেল।

সংগঠনটির মূল লক্ষ্য সমাজসেবা, স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে অবহেলিত যুবসমাজ ও নারীদের জীবনমান উন্নয়ন এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা। বর্তমানে ৪০ জন সদস্যের ব্যক্তিগত অনুদানে পরিচালিত সংগঠনটি স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে ইতোমধ্যে সুনাম অর্জন করেছে।

নিবন্ধন লাভের ফলে সংগঠনটি এখন আরও বড় পরিসরে সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা এবং সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধার আওতায় থেকে জনসেবামূলক উদ্যোগ বাস্তবায়ন করতে পারবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, সাংবাদিক ও স্বেচ্ছাসেবী এম এ নকিব নাছরুল্লাহ বলেন, “আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল একটি সুশৃঙ্খল কাঠামোর মাধ্যমে তরুণদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা। নিবন্ধন পাওয়ার মাধ্যমে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল। আমরা সততা, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে দেশের কল্যাণে কাজ করে যেতে চাই।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে সহযোগিতার জন্য যুব উন্নয়ন অধিদপ্তর, পিরোজপুরের উপ-পরিচালক আব্দুল হাই মল্লিক, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।

স্থানীয় সচেতন মহলের মতে, সরকারি নিবন্ধন লাভের মাধ্যমে ‘কদমতলা ইয়ুথ ফাউন্ডেশন’ তরুণদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা ও স্বেচ্ছাসেবার মনোভাব আরও জোরদার করবে। পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং যুব উন্নয়ন কার্যক্রমে সংগঠনটি ভবিষ্যতে একটি কার্যকর মডেল হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।

সংগঠনটির এই অর্জনে স্থানীয় শুভাকাঙ্ক্ষী, বিভিন্ন সামাজিক সংগঠন ও এলাকার বাসিন্দারা অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতে সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here