ঝালকাঠি প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে জামায়াতে ইসলামের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সদ্য বিএনপি থেকে পদত্যাগ করা ড. ফয়জুল হক। বিষয়টি বুধবার (২৬ নভেম্বর) সকালে নিশ্চিত করেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান। তিনি জানান, দুপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থিতা ঘোষণা করা হবে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ড. ফয়জুল হক ওলিয়ে কামেল হযরত কায়েদ সাহেব হুজুর (রহ.)–এর নাতি এবং রাজাপুর উপজেলার পশ্চিম চাড়াখালী গ্রামের এক শিক্ষিত পরিবারের সন্তান। তিনি ১৯৮৭ সালের ১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার বাবা বিশিষ্ট আলেম মাওলানা মুজ্জাম্মিলুল হক রাজাপুরী হুজুর। চার ভাই ও দুই বোনের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ। বড় ভাই অধ্যক্ষ মুহাম্মদ ছাইফুল হক, মেঝো ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান ড. মুহাম্মদ শহীদুল হক এবং সেজো ভাই আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আমিনুল হক।
শিক্ষাজীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে ২০১৯ সালে পিএইচডি এবং ২০২৩ সালে পোস্ট-ডক্টরাল ফেলোশিপ অর্জন করেন। ২০১৩ সালে তিনি ঝিনাইদহের কাজী আফিফা খাতুনকে বিয়ে করেন।
গত ১৬ বছর ধরে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ড. ফয়জুল হক অনলাইন টকশো, লেখালেখি ও বিভিন্ন আলোচনার মাধ্যমে নিজ অবস্থান তুলে ধরেছেন। প্রবাসে থেকেও রাজনৈতিক পরিবর্তন ও জনমত গঠনে ভূমিকা রাখার দাবি করেন তিনি। বিএনপি থেকে পদত্যাগ করে গত ১২ জুলাই তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন।
মনোনয়ন পাওয়ার পর ড. ফয়জুল হক বলেন, “দাঁড়িপাল্লার মনোনয়ন পেয়ে আমি আনন্দিত। বিশ্বাস করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামের নেতৃত্বে নতুন সরকার গঠিত হবে। ঝালকাঠি-১ আসনের মানুষ সত্য ও ন্যায়ের পক্ষে রায় দেবেন।” তিনি দলীয় নেতৃত্ব, বিভিন্ন পীর-মাশায়েখ, আলেম-ওলামা, সাংবাদিক, কৃষক–শ্রমিকসহ সকল শ্রেণির মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই বাংলা/এমএস
টপিক

