ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের কলাবাগান ভেরিবাঁধ সড়কে নবনির্মিত পৌর কবরস্থান-৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (২৮ জুন) বিকেল ৫টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক মো. কাওসার হোসেন স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে কবরস্থানটির উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে ঝালকাঠি পৌরসভার নির্বাহী প্রকৌশলীসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো. নাসির তালুকদার, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও ঝালকাঠি জেলা জিয়া নাগরিক ফোরামের সদস্য সচিব মো. শাহজাহান হাওলাদার, সমাজসেবক মো. মজনু হাওলাদার, পৌর বিএনপির সহ-সভাপতি মো. মাসুদুর রহমান, সদর উপজেলা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক মো. মঞ্জুর হোসেন, বিএনপি নেতা শহিদুল ইসলাম, মো. ফরিদ, স্থানীয় কবরস্থান কমিটির সদস্য মো. সাইদুল, জাকির হোসেন, মুরাদ হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় একটি নির্ধারিত ও সুষ্ঠু কবরস্থানের অভাব ছিল। নতুন পৌর কবরস্থান চালু হওয়ায় দীর্ঘদিনের সেই সংকট দূর হবে এবং জানাজা ও দাফন কার্যক্রম আরও সহজ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা সম্ভব হবে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তবে কবরস্থানটি পুরোপুরি ব্যবহার উপযোগী করতে দ্রুত মাটি ভরাট, সংযোগ সড়ক নির্মাণ এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার দাবি জানান এলাকাবাসী। তাদের মতে, প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন হলে কবরস্থানটি সাধারণ মানুষের জন্য আরও কার্যকর হবে।
এ বিষয়ে পৌর প্রশাসক মো. কাওসার হোসেন বলেন, স্থানীয়দের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। পর্যায়ক্রমে কবরস্থানটির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়ন করা হবে। বিশেষ করে মাটি ভরাট, সংযোগ সড়ক নির্মাণ এবং আলোর ব্যবস্থা অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয়দের প্রত্যাশা, পৌর প্রশাসনের ধারাবাহিক উদ্যোগ ও তদারকির মাধ্যমে অচিরেই পৌর কবরস্থান-৫ একটি পূর্ণাঙ্গ ও আধুনিক কবরস্থানে পরিণত হবে।

