ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি সদর উপজেলার পোনবালিয়া ইউনিয়নের দেউড়ি এলাকায় ফজরের নামাজের আগে ওজু করতে গিয়ে ঘাটলা থেকে পা পিছলে নদীতে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
নিহত মর্জিনা বেগম (৫৮) মাদারীপুর জেলার ছিলারচর এলাকার জামাল হোসেনের স্ত্রী। কয়েকদিন আগে চোখের অস্ত্রোপচারের পর তিনি পশ্চিম দেউড়িতে মেয়ের জামাই আল আমিনের বাড়িতে অবস্থান করছিলেন।
আল আমিন জানান, ফজরের সময় দেউড়ি নদীর পাড়ে ওজু করতে যাওয়ার সময় মর্জিনা বেগম ঘাটলায় পা পিছলে পানিতে পড়ে যান। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে কিস্তাকাঠি এলাকার নদীতে তার ভাসমান লাশ দেখা যায়।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে সদর হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

