ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর ডিমলা উপজেলার টিএনটি রোড এলাকা থেকে সিংগাহারা ব্রিজের উত্তর ও দক্ষিণ অংশ পর্যন্ত প্রায় এক কিলোমিটার খাল কচুরিপানায় ভরে যাওয়ায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের চলাচল, পানি নিষ্কাশন এবং আমন ধানের আবাদে দুর্ভোগ দেখা দেয়।
রোববার (১৯ জুলাই) এ পরিস্থিতি নিরসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমানের উদ্যোগে খাল থেকে কচুরিপানা অপসারণ ও জলাবদ্ধতা নিরসনের কার্যক্রম শুরু হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবু মোতালেব, চেয়ারম্যান প্রার্থী মিনালুজ্জামান মিন্টুসহ ইউনিয়ন পরিষদের সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
উদ্যোক্তারা জানান, কচুরিপানা অপসারণের মাধ্যমে খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে এনে জলাবদ্ধতা দূর করাই এ কার্যক্রমের মূল লক্ষ্য। সংশ্লিষ্টদের সহযোগিতায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলমান রয়েছে।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, খালটি পরিষ্কার হলে বর্ষা মৌসুমে দ্রুত পানি নিষ্কাশন সম্ভব হবে। এতে জলাবদ্ধতা কমবে এবং আমন ধানের আবাদসহ এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তিও অনেকাংশে লাঘব হবে।

