নীলফামারী প্রতিনিধি :
ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যাব) আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেছেন, দেশের শাসনব্যবস্থায় জনগণের ইচ্ছা ও মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। তিনি দাবি করেন, বর্তমান সরকারের নেতৃত্বে জনগণের প্রত্যাশা ও চাহিদার প্রতিফলন ঘটিয়ে সিদ্ধান্ত গ্রহণের সংস্কৃতি প্রতিষ্ঠিত হচ্ছে।
রোববার (৩১ মে) নীলফামারী জেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে প্রকৌশলী তুহিন বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের চাহিদা ও বাস্তবতা ভিন্ন হতে পারে। সেই বাস্তবতাকে উপলব্ধি করে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং জনগণের কল্যাণে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, যোগ্য ও জনমুখী প্রতিনিধিরা নির্বাচিত হলে স্থানীয় সমস্যা সমাধান এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে গতি আসবে। একই সঙ্গে এলাকার মানুষের ন্যায্য দাবি আদায়ে জনপ্রতিনিধিরা আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে জেলা পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব বরাদ্দ থেকে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় বাইসাইকেল, হুইলচেয়ার, সিলিং ফ্যান, টিউবওয়েল এবং খেলাধুলার বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামান্না ইয়াসমিন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন। পরে তিনি জেলা পরিষদের আধুনিক ডাকবাংলো নির্মাণকাজের উদ্বোধন এবং জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন।
এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক

