সেবার মানোন্নয়ন ও আধুনিকায়নের পথে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল

স্টাফ রিপোর্টার :

 

শিশুস্বাস্থ্যসেবার পরিধি বৃদ্ধি ও চিকিৎসার মান উন্নয়নের লক্ষ্যে বগুড়ার শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের নবগঠিত পরিচালনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার হাসপাতালের দত্তবাড়িস্থ হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

সভায় হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে শিশুদের জন্য অ্যাজমা ও হৃদরোগের বিশেষায়িত চিকিৎসাসেবা চালুর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

পরিচালনা কমিটির উপদেষ্টা রেজাউল করিম বাদশা এবং অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল সভায় বক্তব্য দেন। হাসপাতালের পরিচালক আমিনুল হক দেওয়ান সজল সভা সঞ্চালনা করেন।

এ সময় সংসদ সদস্য মো. মোশাররফ হোসেন, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বিএমএ সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আজফারুল হাবিব রোজ, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি বাদল সিদ্দিকী, অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলী, ডা. মো. ইউনুস আলী, মাফতুন আহমেদ খান রুবেলসহ পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় হাসপাতালটিকে একটি পূর্ণাঙ্গ ও আধুনিক শিশু চিকিৎসাকেন্দ্রে রূপান্তরের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতবিনিময় করা হয়।

উল্লেখ্য, গত ২১ মে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় হাসপাতালটির নতুন পরিচালনা কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here