চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা উন্নয়ন এবং ঝুঁকিপূর্ণ শিক্ষার্থীদের শেখার মানোন্নয়নে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হলো ‘চল পড়তে শিখি’ প্রকল্পের অবহিতকরণ সভা। মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় জেলা মডেল মসজিদ প্রাঙ্গণে ফুড ফর দ্য হাংরি (এফএইচ) বাংলাদেশ-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও অ্যাডহক কমিটির সদস্যরা অংশ নেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, “প্রকল্পটি শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা বাস্তবায়নের ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করবো। বিশেষ করে শিক্ষকরা এই সুযোগ কাজে লাগাতে পারলে ঝুঁকিপূর্ণ শিক্ষার্থীদের শেখার পরিবেশ আরও আকর্ষণীয় ও ফলপ্রসূ হবে।”
সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলার উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাহমুদুজ্জামান।
স্বাগত বক্তব্যে প্রকল্পের উদ্দেশ্য তুলে ধরেন এফএইচ বাংলাদেশের সিনিয়র ম্যানেজার (প্রোগ্রাম অপারেশনস) জ্ঞানোত্তর চাকমা।
প্রকল্পের কাঠামো, কার্যক্রম এবং এফএইচ অ্যাসোসিয়েশনের শিক্ষা কার্যক্রম বিষয়ে বিস্তারিত উপস্থাপন করেন প্রোডাক্টিভ লার্নিং স্পেশালিস্ট নুসরাত বিনতে হায়দার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন— অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাদিরুজ্জামান, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাবৃন্দ।
অতিথিরা বলেন, এফএইচ বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করায় শিক্ষা খাতে ইতিবাচক প্রভাব পড়বে এবং প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের পরিকল্পনা, সমন্বয় ও আয়োজনে দায়িত্ব পালন করেন— রিপন কিস্কু (এরিয়া প্রোগ্রাম ম্যানেজার), উইলিয়াম জর্জ টুডু (প্রোগ্রাম কো-অর্ডিনেটর), এবং এফএইচ চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম অফিসের অন্যান্য কর্মকর্তা।
এই বাংলা/এমএস
টপিক

