চট্টগ্রামে ৩টি অবৈধ প্রি-পেইড গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করল কেজিডিসিএল

চট্টগ্রাম নগরীর দেওয়ানজী পুকুর এলাকায় ‘শ্যাম-সাগর ভিলা’র অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন / ছবি - এই বাংলা

চট্টগ্রাম প্রতিনিধি :


চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন দেওয়ানজী পুকুরপাড় এলাকায় একটি পাঁচতলা ভবনে অবৈধভাবে স্থাপন করা তিনটি প্রি-পেইড গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)।

সোমবার (৫ জানুয়ারি) সকালে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে কেজিডিসিএল’র ভিজিল্যান্স টিম দুর্গা মন্দিরের সামনে অবস্থিত পাঁচতলা ভবন ‘শ্যাম সাগর ভিলা’তে অভিযান পরিচালনা করে। অভিযানে ভবনটির সাতটি বৈধ প্রি-পেইড গ্যাস সংযোগের সঙ্গে কৌশলে যুক্ত করা তিনটি অবৈধ গ্যাস সংযোগ শনাক্ত করে তা বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে অবৈধ সংযোগে ব্যবহৃত রাইজার খুলে নেওয়া হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিষয়টি নিশ্চিত করে কেজিডিসিএল’র মহাব্যবস্থাপক (ফিন্যান্স ডিভিশন) মোহাম্মদ খায়রুল হাসান জানান, ভবনটিতে অনুমোদিতভাবে মোট সাতটি প্রি-পেইড গ্যাস সংযোগ ছিল। তবে ভবনের মালিকপক্ষ কেজিডিসিএল’র অনুমোদন ছাড়াই ওই মিটারগুলোর সঙ্গে আরও তিনটি গ্যাস সংযোগ অবৈধভাবে সংযুক্ত করে দীর্ঘদিন ধরে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল।

তিনি আরও জানান, অভিযোগ পাওয়ার পর ভিজিল্যান্স টিম ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পায়। পরে অবৈধ সংযোগসহ মোট ১০টি প্রি-পেইড গ্যাস সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়। অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে কেজিডিসিএল’র অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এ বিষয়ে ভবনটির মালিক ডা. বিপ্লব বিশ্বাসের ছেলে শ্যাম বিশ্বাস জনির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও একাধিকবার ফোন করা সত্ত্বেও তিনি ফোন রিসিভ করেননি।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here