চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম নগরের ২০ নম্বর দেওয়ানবাজার ওয়ার্ডের ঘাটফরহাদবেগ এলাকায় ঝুঁকিপূর্ণ একটি ফাটলধরা দেয়াল অপসারণে উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
জানা গেছে, সম্প্রতি ওই এলাকার একটি ভবনের দেয়ালে বড় ধরনের ফাটল দেখা দিলে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে মেয়র ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সংশ্লিষ্ট ডেভেলপার প্রতিষ্ঠানকে দ্রুত ঝুঁকিপূর্ণ দেয়ালটি অপসারণের নির্দেশ দেন। সে সময় প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
তবে এক সপ্তাহ পার হলেও দেয়াল অপসারণে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় জননিরাপত্তার স্বার্থে মেয়র পুনরায় ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগকে সঙ্গে নিয়ে ঝুঁকিপূর্ণ দেয়াল অপসারণ কার্যক্রম শুরু করেন এবং পুরো কার্যক্রম তদারকি করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ সময় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “নগরবাসীর জীবন ও সম্পদের নিরাপত্তার সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দায়িত্বে অবহেলা করলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন জনস্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ঝুঁকিপূর্ণ স্থাপনা দ্রুত অপসারণ করে সম্ভাব্য দুর্ঘটনা প্রতিরোধে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।”
স্থানীয় বাসিন্দারা মেয়রের তাৎক্ষণিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিনের ঝুঁকি দূর হওয়ায় তারা স্বস্তি ফিরে পেয়েছেন। জননিরাপত্তা নিশ্চিত করতে মেয়রের সরাসরি উপস্থিতি ও দ্রুত পদক্ষেপেরও প্রশংসা করেন তারা।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন জানিয়েছে, নগরীর বিভিন্ন এলাকায় ঝুঁকিপূর্ণ ভবন ও স্থাপনা চিহ্নিত করে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো যায়।
এই বাংলা/এমএস
টপিক

