গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর মহানগরে বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি এবং একটি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানা পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহানগরের সদর থানার পাজুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন।
তিনি জানান, পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারের নির্দেশনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার ও সংঘবদ্ধ অপরাধ দমনে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
জিএমপি সূত্রে জানা যায়, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০ রাউন্ড পিস্তলের গুলি এবং রেজিস্ট্রেশনবিহীন একটি লাল রঙের টিভিএস অ্যাপাচি ৪ভি ১৬০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, অবৈধ অস্ত্র, মাদক, সন্ত্রাস, ছিনতাইসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিএমপির জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, গাজীপুর মহানগরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

