এইচএসসি পরীক্ষার্থীদের ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ ঘিরে সচিবালয় এলাকায় কড়া নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক :

এইচএসসি পরীক্ষার রুটিন পুনর্নির্ধারণ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচিকে ঘিরে রাজধানীর সচিবালয় ও শিক্ষা মন্ত্রণালয়সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ।

বুধবার (১৫ জুলাই) বিকেলে সচিবালয়মুখী গুরুত্বপূর্ণ সড়কে ব্যারিকেড স্থাপন করে যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়। ঘটনাস্থলে দেখা যায়, বিভিন্ন প্রবেশপথে লোহার ব্যারিকেড বসিয়ে শিকল ও তালা দিয়ে সেগুলো সুরক্ষিত করা হয়েছে। পাশাপাশি এলাকাজুড়ে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

এর আগে বিকেল ৩টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে ‘লং মার্চ’ কর্মসূচি শুরু করেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। কর্মসূচি শুরুর আগে তারা সায়েন্সল্যাব এলাকায় অবস্থান নিয়ে কিছু সময় সড়ক অবরোধ করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এর আগের দিন মঙ্গলবারও রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং ঢাকা শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। পরে তারা জাতীয় সংসদ ভবনসংলগ্ন এলাকায় সমবেত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সেখান থেকে সরিয়ে দেয়। সন্ধ্যায় শিক্ষার্থীরা পুনরায় জড়ো হয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, এইচএসসি পরীক্ষার রুটিন পুনর্নির্ধারণ, দুর্যোগকবলিত শিক্ষার্থীদের জন্য বিশেষ মূল্যায়নের ব্যবস্থা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তাদের দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এদিকে পরিস্থিতি বিবেচনায় রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here