গৌরনদীতে যুবলীগ নেতা আমিনুলের মরদেহ উদ্ধার, পরিবার বলছে পরিকল্পিত হত্যা

0
140
যুবলীগ নেতা আমিনুল ইসলাম হাওলাদার / ছবি - সংগৃহীত

বরিশাল প্রতিনিধি :

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে নিজ বাড়ির পুকুরঘাটের নিচ থেকে যুবলীগ নেতা আমিনুল ইসলাম হাওলাদার (৪২)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সোমবার সকালে গৌরনদী মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত আমিনুল মৃত বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হাওলাদারের মেঝ ছেলে এবং খাঞ্জাপুর ইউনিয়ন যুবলীগের সদস্য ছিলেন।

নিহতের স্ত্রী পারভীন আক্তার অভিযোগ করে জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে মোবাইলে কথা বলতে বলতে আমিনুল ঘর থেকে বের হন। এরপর তিনি আর ফেরেননি। সকালে খোঁজাখুঁজির সময় পুকুরঘাটে পড়ে থাকা মোবাইল ফোন ও রক্তের দাগ দেখে পরিবারের সন্দেহ হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তাঁর দাবি— “আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।”

খাঞ্জাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ফরিদ হোসেন বেপারী বলেন, “আমিনুলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত তদন্ত ও অভিযুক্তদের গ্রেপ্তার চাই।”

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, ঘটনাস্থলের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে।
“ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here