গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে তিনদিনব্যাপী প্রশিক্ষণ শুরু

গাজীপুর প্রতিনিধি :

 

‘দক্ষ শিক্ষক, উন্নত কৃষি শিক্ষা’ স্লোগানকে সামনে রেখে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) কৃষি অনুষদে শিক্ষকদের পেশাগত সক্ষমতা উন্নয়নবিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (HEAT) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, কৃষি শিক্ষার মানোন্নয়ন, আন্তর্জাতিক মানদণ্ডে শিক্ষাব্যবস্থা উন্নীতকরণ এবং বিএসসি ইন এগ্রিকালচার প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন অর্জনের প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে এ প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে।

আগামী ২৪ জুন পর্যন্ত চলমান এ কর্মসূচিতে কৃষি অনুষদের লেকচারার থেকে প্রফেসর পর্যায়ের মোট ৯২ জন শিক্ষক অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট উপ-প্রকল্পের ব্যবস্থাপক (এসপিএম) প্রফেসর ড. মো. আব্দুল বাছেত মিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রকল্পের সহকারী উপ-প্রকল্প ব্যবস্থাপক (এএসপিএম) প্রফেসর ড. মো. রুহুল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়নে অ্যাক্রেডিটেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আন্তর্জাতিক মানসম্পন্ন কৃষি শিক্ষা নিশ্চিত করতে শিক্ষাদান পদ্ধতি, পাঠ্যক্রম, মূল্যায়ন ব্যবস্থা এবং গবেষণা কার্যক্রমকে আরও যুগোপযোগী ও ফলাফলভিত্তিক করতে হবে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি বলেন, প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনমুখী কৃষি খাতের চাহিদা পূরণে আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে এবং এ প্রশিক্ষণ সেই প্রচেষ্টারই অংশ।

উদ্বোধনী পর্ব শেষে অনুষ্ঠিত কারিগরি অধিবেশনে অংশগ্রহণকারী শিক্ষকদের বিভিন্ন সমসাময়িক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিয়ে আলোচনা করেন ক্লাউড কানেক্ট এআই-এর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তামজিদুল হক চৌধুরী।

এছাড়া বৈশ্বিক গবেষণায় অংশীদারিত্ব ও আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন গাকৃবির সাবেক অধ্যাপক ড. এম. এ. করিম এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ড. মো. শহিদুল ইসলাম। শিক্ষার গুণগত মান উন্নয়নে কার্যকর শ্রেণিকক্ষ ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মো. জহির উদ্দিন।

প্রশিক্ষণের দ্বিতীয় ও তৃতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের ১০ জন বিশেষজ্ঞ অধ্যাপক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা আউটকাম বেইজড এডুকেশন (ওবিই), গবেষণা সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা এবং প্রযুক্তিনির্ভর কৃষি শিক্ষা বিষয়ে ধারণা লাভ করবেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এ প্রশিক্ষণ কর্মসূচি শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানদণ্ড অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here