নাটোর প্রতিনিধি :
নাটোরের সিংড়া উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
সোমবার দুপুরে সিংড়া পৌরসভার সরকারপাড়া মহল্লায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় জাল ব্যবহার ও বিক্রির অভিযোগে তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অভিযানে সরকারপাড়া মহল্লার মৃত হায়দার আলীর ছেলে মো. একাব্বর হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নলডাঙ্গা উপজেলার একডালা গ্রামের মৃত আমির আলী সরদারের ছেলে মো. শহীদুল সরদারকে দুই মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সরকারপাড়া এলাকার মো. আলাউদ্দিনের ছেলে মো. রাজীব হোসেনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এবং এনএসআইয়ের সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে প্রায় ২০ লাখ টাকার অবৈধ জাল জব্দ করা হয়েছে। চলনবিলের মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস
টপিক

