গাজীপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের শাস্তির দাবি

গাজীপুর প্রতিনিধি :

 

গাজীপুরে এক সাংবাদিকের ওপর হামলা, মারধর এবং ক্যামেরা ভাঙচুরের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ‘গাজীপুরের সাংবাদিকবৃন্দ’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গাজীপুর বারের আইনজীবী রুহুল আমিন ও তার সহযোগীরা আনন্দ টেলিভিশন ও দৈনিক জনতা পত্রিকার গাজীপুর প্রতিনিধি মো. জসিম উদ্দিনকে আদালতসংলগ্ন একটি হোটেল থেকে খাবাররত অবস্থায় তুলে নিয়ে আইনজীবী সমিতি প্রাঙ্গণে নিয়ে যান। সেখানে তাকে মারধর করা হয় এবং তার ব্যবহৃত ক্যামেরা ভাঙচুর করা হয়।

বক্তারা জানান, সম্প্রতি একটি বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিনি এ হামলার শিকার হন। পরবর্তীতে তাকে একটি মামলায় জড়িয়ে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও অভিযোগ ওঠে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ সময় সাংবাদিক নেতারা আরও অভিযোগ করেন, ঘটনার বিষয়ে খোঁজ নিতে আদালতে গেলে কয়েকজন সাংবাদিকের ওপরও হামলার চেষ্টা করা হয়েছে। তারা ঘটনাটিকে স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন হামলা আখ্যা দিয়ে বলেন, এ ধরনের ঘটনায় সংবাদকর্মীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

সমাবেশে সাংবাদিক ইব্রাহিম খলিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন গাজীপুর প্রেস ক্লাবের সিনিয়র সদস্য এম এ ফিরোজ, আবিদ হোসেন বুলবুল, মো. কলিমুল্লাহ ইকবাল, জানে এ আলম, মোহাম্মদ আবু হানিফা, নাসিমা আক্তার রেনুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

বক্তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, সংশ্লিষ্টদের সনদ বাতিল এবং আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি তারা বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধের যে কোনো অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here