চট্টগ্রাম প্রতিনিধি :
বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের গুরুত্বপূর্ণ প্রতীক, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় চট্টগ্রামে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ জানুয়ারি ২০২৬) বাদ জুহুর চট্টগ্রাম মহানগরীর রহমতগঞ্জস্থ গণপূর্ত অধিদপ্তরের এবাদত খানায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করে গণপূর্ত ঠিকাদার সমিতি, রহমতগঞ্জ সার্কেল–১, চট্টগ্রাম। অনুষ্ঠানে পবিত্র কোরআন খতমের পর মরহুমার রূহের মাগফিরাত কামনা, তাঁর কবরকে নূরে ভরপুর করা এবং জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণপূর্ত ঠিকাদার সমিতির সভাপতি ওসমান আলী (সেগুন)। তিনি বলেন, “মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক। দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষায় তিনি শেষ দিন পর্যন্ত সংগ্রাম করেছেন। তাঁর আদর্শ ও ত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”
মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি একরামুল হক ছুট্টু, সাধারণ সম্পাদক তানভির ইসলাম (মামুন), জামাল খোরশেদ মুন্না, সাংগঠনিক সম্পাদক আবদুল জলিল, মো. আলাউদ্দিন, তথ্য ও প্রচার সম্পাদক রবিউল ইসলাম রবিন, সাখাওয়াত হোসেন আলভী, শহীদুল্লাহ খান, আলী আকবর, সাইফুল ইসলাম, দিদার, মেহেদী হাসানসহ গণপূর্ত ঠিকাদার সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মো. মহসীন ও নুরুল আলম চৌধুরী মুক্তা। তারা বলেন, “মরহুমা বেগম খালেদা জিয়া শুধু রাজনৈতিক নেত্রী নন, তিনি দেশের গণতন্ত্রকামী মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তার সাহসী ভূমিকা ও ত্যাগ জাতি চিরদিন স্মরণ করবে।”
পুরো অনুষ্ঠানজুড়ে ছিল গভীর শোক, শ্রদ্ধা ও ধর্মীয় আবহ। দোয়া মাহফিল শেষে আয়োজকরা মরহুমার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর আদর্শ অনুসরণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার প্রকাশ করেন।
এই বাংলা/এমএস
টপিক

