কুলাউড়ায় বিএনপি নেতা আবেদ রাজাকে মনোনয়নের দাবিতে আমরণ অনশন

0
453
বিএনপি নেতা আবেদ রাজাকে দলীয় মনোনয়ন দেয়ার দাবিতে সমর্কদের অনশন / ছবি - এই বাংলা

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :

মৌলভীবাজার-০২ (কুলাউড়া) আসনে বিএনপি নেতা অ্যাডভোকেট আবেদ রাজাকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে তার সমর্থকেরা বৃহস্পতিবার (২৭ নভেম্বর) স্থানীয় ডাকবাংলো মাঠে আমরণ অনশন কর্মসূচি পালন করেছেন। দুপুরে শুরু হওয়া এ অনশন চলতে থাকে বিকেল পর্যন্ত। বিকেল ৫টার দিকে অনশনস্থলে পৌঁছান অ্যাডভোকেট আবেদ রাজা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনশনে অংশ নেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ, অ্যাডভোকেট এএনএম খালেদ লাকি, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন, অলিউর রহমান চৌধুরী শিবলু, শ্রমিক দল নেতা ইঞ্জিনিয়ার সিরাজ উদ্দিন বুলু, বিএনপি নেতা আশরাফ উদ্দিন চৌধুরী, সাবেক পৌর কাউন্সিলর সুফিয়া রহমানসহ বিভিন্ন ইউনিটের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

সাবেক সভাপতি কামাল উদ্দিন আহমদ জুনেদ বলেন, “দীর্ঘ ১৫ বছর আন্দোলনের মাঠে ছিলেন আবেদ রাজা। কারাবরণ করেছেন, সংগ্রাম করেছেন। অথচ যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি সে সময় বিদেশে বিলাসে ছিলেন। দলীয় মনোনয়ন প্রত্যাহার করে আবেদ রাজাকে বিবেচনা করা উচিত।”

তিনি আরও বলেন, দলের স্লোগান— “জেল-জুলুম যার, মনোনয়নও তার।” তাহলে কুলাউড়ায় এই ব্যতিক্রম কেন?

দলের প্রতি সম্মান দেখিয়ে ও সমর্থকদের অনুরোধে সন্ধ্যা ৬টার দিকে জুস পান করে অনশন ভাঙেন অ্যাডভোকেট আবেদ রাজা। তিনি জানান, “এ আন্দোলন এখানেই শেষ নয়, সামনে আরও কর্মসূচি দেওয়া হবে।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here