কুড়িগ্রামে সরকারি প্রধান শিক্ষকের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ, সমালোচনার ঝড়

0
203
কুড়িগ্রামে নির্বাচ‌নী উঠোন বৈঠক / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :

সরকারি চাকরিজীবী হয়েও চাকরি বিধি উপেক্ষা করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে ধানের শীষে ভোট চেয়েছেন কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সারডোব আরডিআরএস বাজার এলাকায় স্থানীয় বিএনপির আয়োজিত নির্বাচনি প্রচারণা সভায় অংশ নেন তিনি। সেখানে বক্তৃতায় ধানের শীষের পক্ষে ভোট চান।

ওই প্রধান শিক্ষকের নাম মোঃ আব্দুল গফুর। তিনি ছাটকালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং হলোখানা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সারডোব গ্রামের বাসিন্দা। সরকারি চাকরিজীবী হয়ে রাজনৈতিক সভায় অংশ নেওয়া ও ভোট চাওয়ার বিষয়টি স্থানীয়দের মধ্যে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।

বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি অনুযায়ী কোনো সরকারি কর্মচারী কোনো প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিতে পারবেন না। সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ১৯৭৯-এর ২৫ (৩) ধারায়ও স্পষ্টভাবে রাজনৈতিক প্রচারণায় অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে।

তবুও সোমবার সন্ধ্যায় বিএনপির সভায় অংশ নিয়ে বক্তৃতা দিতে দেখা যায় আব্দুল গফুরকে। তিনি বলেন, “সকলে মিলে ধানের শীষে ভোট দিয়ে আমাদের দাবি দাওয়া আদায়ের চেষ্টা করবো।”

এসময় কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান মোঃ ওমর ফারুকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে প্রধান শিক্ষক মোঃ আব্দুল গফুর প্রচারণা সভায় বক্তব্য দেওয়ার কথা স্বীকার করলেও ধানের শীষে ভোট চাওয়ার বিষয় অস্বীকার করেন। তিনি বলেন, “আমি তেমন কোনো বক্তব্য দিইনি। কে বা কারা ভিডিও করেছে জানি না।”

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী বলেন, “সরকারি কর্মচারীরা নির্বাচনি প্রচারণায় অংশ নিতে পারে না। বিষয়টি খতিয়ে দেখা হবে।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here