কুড়িগ্রাম প্রতিনিধি :
উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে ধরলা, ব্রহ্মপুত্র, দুধকুমার ও তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কুড়িগ্রামসহ রংপুর বিভাগের পাঁচ জেলায় স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
শনিবার (১১ জুলাই) দুপুরে প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর ও ময়মনসিংহ বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর প্রভাবে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানির সমতল বৃদ্ধি পেয়ে কয়েকটি স্থানে বিপদসীমা অতিক্রম করতে পারে।
এতে কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও গাইবান্ধা জেলার নদী-তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সম্ভাব্য বন্যার কথা বিবেচনায় রেখে নদী-তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি নিতে পরামর্শ দিয়েছে পাউবো। একই সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, শুকনা খাবারসহ প্রয়োজনীয় দুর্যোগ মোকাবিলা সামগ্রী মজুত রাখার কথা জানানো হয়েছে।
শনিবার কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, জেলার সব নদ-নদীর পানি এখনো বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে গত ২৪ ঘণ্টায় ধরলা নদীর তালুক শিমুলবাড়ী ও সেতু পয়েন্টে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে।
পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, “কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস রয়েছে। আমরা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের যেসব অংশ ঝুঁকিপূর্ণ রয়েছে, সেগুলো মেরামতের কাজও চলমান রয়েছে।”

